রাজধানীর কেরাণীগঞ্জ এলাকা থেকে ১৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় দুইটি আলাদা অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনি জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সুমন আহমেদ (৩৮), ২। মোঃ জাহাঙ্গীর (৪৫) ও ৩। মোঃ ফজলে রাব্বি সরকার (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- তিন হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামী মোঃ ফজলে রাব্বি’র বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৩টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।