পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ অহিদুজ্জামান লাভলু গাজীকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকার বেলি রোড থেকে আটক করা হয়েছে বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
তিনি জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু গাজীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ আওয়ামীলীগের পক্ষ হয়ে বিএনপির আন্দোলনকে থামাতে সারা দেশের ন্যায় গত এক সপ্তাহে পিরোজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করেছেন। এতে বিএনপি আন্দোলন থামানো যাবে না।
আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের জেষ্ঠ্য সহ-সভাপতি তামান্না জামান জানান, তিনি সন্ধ্যা ৮টার দিকে ঢাকার বেলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন। এ সময় সেখানে থাকা সাদা পোশকের পুলিশ তাকে আটক করেন। তবে কোথায় নেয়া হয়েছে বা তিনি এখন কোথায় আছেন তা পরিবারের কাউকে জানানো হয়নি।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বাবুল গাজীর ছোট ভাই।