বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে অর্থ- কারাদণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (২ আগস্ট) বিকেলে শহরের বান্দুটিয়া ও সেওতা এলাকায় এই অঘোষিত কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী বিক্ষোভ- সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিএনপি'র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপিকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যে এই ফরমায়েশি রায় ঘোষণা করেছে বিজ্ঞ আদালত।
এস এ জিন্নাহ কবির বলেন, দুদকের দায়ের করা মিথ্যা মামলায় আদালতের এমন রায় দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। দেশের মানুষ স্পষ্ট বুঝেছে এই রায়ের আসল রহস্য কি?
আফরোজা খান রিতা বলেন, হামলা- মামলা, গ্রেফতার ও অর্থ-কারদন্ড দিয়ে বিএনপি'র সরকার পতনের একদফা আন্দোলন বন্ধ করা যাবে না। এই সরকারের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম চালিয়ে ভোটারবিহীন সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জেলা বিএনপি সোচ্চার রয়েছে।
তিনি বৃহস্পতিবার (৩ আগস্ট) কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করতে জেলা বিএনপি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।