রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে হারুন হালদারের জালে ৩৮ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৮জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এ মাছটি ধরা পরে। মাছটি দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ রানা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪শ টাকায় কিনে নেন।
জেলে হারুন হালদার জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোন মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় হতাশ ছিলাম। নদীতে পানি বাড়ায় অনেক দিন পর আজ শুক্রবার সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ৩৮ কেজি ওজনের এই বাগাইড় মাছটি ধরা পরে।
এর আগে শুক্রবার সকালে হারুন হালদার ও তার দল পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। দীর্ঘক্ষণ কোন মাছ না পাওয়ায় তারা হতাশ হন। পরে তারা বাড়ি ফিরে যাবার মনস্থীর করে শেষবারের মতো মনে করে নদীতে জাল ফেলেন। জাল গুটিয়ে নৌকায় তোলার সময় কয়েকবার বড় ঝাকুনি দিলে তখনই বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাইড় মাছ। পরে মাছটি বিকেল ৪ টার দিকে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার রওশন মোল্লার ঘরে। সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ রানা মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মাসুদ রানা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১হাজার ৩০০ টাকা কেজি দরে ক্রয় করি।মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখলে উৎসুক জনতা দেখতে ভীড় করে। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দিয়েছি