আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন । বৃহস্পতিবার (২০ জুলাই) চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম এবং রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুর মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক), চরখালী এলাকার মোঃ মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) ।
৪ আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামির সমর্থক।
৪ টি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে ৩ ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
অবৈধ আটক নির্যাতন অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে।