রাত পোহালেই প্রথমবারের মতো পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। রোববার দুপুর থেকে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভান্ডারিয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা বলেন, প্রথমবারের মতো এবার ভান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে প্রতীক বরাদ্দের পরই প্রতিটি ওয়ার্ডে একটানা ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাদের ব্যাপক সাড়ার কারণে নির্ধারিত সময়ের বেশি প্রশিক্ষণ দিতে হয়েছে আমাদের। আশা করছি, কেন্দ্রে ভোটার সমাগম ঘটবে এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট দেবেন।
ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার করছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এবং নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এবং নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।