বিরল ধুম তরুণাস্থি প্রজাতির কচ্ছপ উদ্ধার করে পানিতে অবমুক্ত করে দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী। বৃহষ্পতিবার (১৩ জুলাই) দুপুরে জেলা পরিষদ সংলগ্ন পুকুরে তিনি এ কচ্ছপটি অবমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদের রাস্তা থেকে উদ্ধার করে জেলা পরিষদের কর্মচারীরা। ধুম তরুণাস্থি কাছিম বা ধুম কাছিম হচ্ছে কচ্ছপের একটি প্রজাতি। উপকূলবর্তী এলাকায় ধুম তরুনাস্থি প্রজাতির এ কচ্ছপ ইতোমধ্যে বিপন্ন হতে চলেছে। এক শ্রেণির মানুষ এই বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে জড়িত। এটি ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
উদ্ধারের পর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এই প্রতিবেদককে বলেন, আমরা জেলা পরিষদের সীমানায় সামনের রাস্তায় একটি কচ্ছপকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপটিকে জেলা পরিষদ সংলগ্ন পুকুরে অবমুক্ত করে দিয়েছি। যাতে সে পানিতে স্বাধীনভাবে বসবাস করে বংশবিস্তার করতে পারে।